২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহতদের চিকিৎসায় বিত্তবানরা এগিয়ে আসুন : রাষ্ট্রপতি

পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 11:42 AM

ঢাকা, ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুরান ঢাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। শনিবার বিকেল সাড়ে চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে যান তিনি। পরে রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, "স্মরণকালের সবচেয়ে দুঃখজনক ঘটনায় আমি খুবই মর্মাহত। যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।" তিনি আশা প্রকাশ করে বলেন, "দলমত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আহতরা দ্রুত ভালো হয়ে যাবেন।" হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি। ঘটনার পর পরই কার্যকর ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এবং স্থানীয় সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/ কেএমএস/১৭১৩ ঘ.