মুন্সীগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীবাড়ি উপজেলার চারটি গ্রামে তিনদিন ধরে বিদ্যুত নেই।
ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাতে দক্ষিণ বেতকা নতুন বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার থেকে টঙ্গীবাড়ি উপজেলার নোয়াদ্দা, দক্ষিণ বেতকা, চাঙ্গুরি ও পূর্ব আউটশালী গ্রামে বিদ্যুৎ বন্ধ রয়েছে বলে এলাকাবাসী জানায়।
মো. সফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন এলাকার আজিজুল ইসলাম, ছোবহান ব্যাপারী, আলী আবকর, ছবুর শেখ, খোরশেদ আলম বাগাজা, আব্দুর রহমান প্রমুখ।
সফিকুর রহমান বলেন, কোনো কারণ ছাড়াই একটানা তিনদিন বিদ্যুৎ বন্ধ থাকায় মানুষের কষ্টের সীমা নেই। পল্লী বিদ্যুত অফিসে ফোন করলে তারা নানা অজুহাত দেখায়।
রাত পৌনে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির টঙ্গীবাড়ির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আকমল হোসেন জানান, সাব লাইন কেটে দিয়ে অনেক সময় মেইন লাইন চালু রাখতে হয়। আবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এক প্রান্ত ঠিক করতে করতে আরেক প্রান্ত লণ্ডভণ্ড হয়।
এই গ্রাম চারটিতে শিগগিরই আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24