ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার অগ্নিকাণ্ডে ১১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক।
শুক্রবার বিকাল পৌনে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সর্বশেষ হিসাবে এখন মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭। বিভিন্ন স্থানে আমাদের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে পাওয়া তথ্যে সর্বশেষ এ সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।"
নিহত ১১৭ জনের মধ্যে ১৮ জনের পরিচয় পাওয়া যায়নি বলেও তিনি জানান।
দমকল বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু নাইম মো. শাহিদুল্লাহ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত দমকল বিভাগ ৯৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে ছয়জনের মৃতদেহ শুক্রবার সকালে উদ্ধার অভিযান বাতিলের পর ঘটনাস্থলের আশপাশ থেকে পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেন দুপুরে জানান, বৃহস্পতিবার রাত থেকে হাসপাতালে ভর্তির পরে চারজনের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর বেগুনবাড়িতে ভবন ধসে ২৫ জনের প্রাণহানির ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার ফেটে ওই আগুনের সূত্রাপাত বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, আগুন চোখের পলকে আশপাশের অন্তত ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম/এসআইটি/এসএম/এজে/১৭০৩ ঘ.
bdnews24