মুন্সীগঞ্জ, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড় ও প্রবল বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের মাওয়া থেকে ফেরি চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। দুটি ফেরি আটকা পড়ে পদ্মার চরে।
এ কারণে মাওয়া ও ওপারের মাদারীপুরের কাওড়াকান্দিসহ তিনটি ঘাটে যানজটের সৃষ্টি হয়।
নদী উত্তাল থাকায় পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌকা ও ট্রলারসহ ছোট ছোট নৌযান চলাচল এখনো ঝুঁকিপূর্ণ।
সিরাজুল ইসলাম বলেন, দুপুরের দিকে ঝড়ের সময় বেশ কিছু যাত্রী ও যানবাহনসহ পদ্মার চরে আটকা পড়ে ফেরি যমুনা ও রানীগঞ্জ। এ সময় মাওয়া ঘাটে তিনটি, কাঠাঁলবাড়িতে একটি ও কাওড়াকান্দি ঘাটে চারটি ফেরি নোঙ্গর করা ছিল।
তিনি জানান, ছুটির দিন থাকায় যানবাহনের চাপও বেশি ছিল। ফেরি বন্ধ থাকায় দুপারেই তাই যানজট সৃষ্টি হয়। বহু যান পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিকাল পৌনে ৬টা মাওয়া ঘাটের যানজট নিরসন হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24