সাভার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মজুরি বাড়ানোসহ শ্রমিকদের ২১ দফা দাবির মুখে শুক্রবার সকালে ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এ নিয়ে গত দু'দিনে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ডিইপিজেড) 'হোপলোন প্যাকেজিং (বিডি) লিমিটেড' নামের কারখানাসহ দুটি পোশাক কারখানা বন্ধ করা হলো। এ ছাড়া আরো তিনটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
সাভার উপজেলায় আশুলিয়ার কাঠগড়া এলাকার 'সাউদার্ন মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেড' নামের পোশাক কারখানাটি বন্ধ করে দেওয়ায় আশুলিয়া শিল্পাঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বেতন-ভাতা বাড়ানো, ঈদে কমপক্ষে ৬ দিনের ছুটি, হাজিরা বোনাস, চিকিৎসা ভাতা দাবি, শ্রমিক নির্যাতন বন্ধ, ১ থেকে ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করাসহ ২১দফা দাবিতে বৃহস্পতিবার সাউদার্ন মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।
কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় তারা আবার কাজ শুরু করে। তবে সকালে কারখানার মূল ফটকে ''শ্রমিকদের অনৈতিক দাবির মুখে কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ'' লেখা নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।
সকালে কাজে যোগ দিতে আসা প্রায় দুই হাজার শ্র্রমিক কারাখানা বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা কারখানায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক 'সাউদার্ন মিলিনিয়াম টেক্সটাইল লিমিটেড'র একজন প্রশাসনিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো মালিকের পক্ষেই এত দাবি মেনে কারখানা চালানো সম্ভব নয়। তাই বাধ্য হয়েই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে।" কিন্তু কবে নাগাদ কারখানা খুলে দেয়া হবে সে সর্ম্পকে তিনি কিছু জানাতে পারেননি।
পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সকাল ৯টার দিকে বিক্ষোভ করেছে হোপলোন প্যাকেজিং (বিডি) লিমিটেডের শ্রমিকরা। এছাড়া কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই পুলিশসহ ১০ জন আহত হয়েছে। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা পাশের একটি পোষাক কারখানায় ভাংচুর করে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, "শ্রমিকরা একটি কারখানায় হামলা করলে পুলিশ লাঠিচার্জ করে।"
তবে ভাংচুরের ঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে শ্রমিকরা জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া কারখানা দুটির প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিকের ভবিষ্যত এখন অনিশ্চিত হয়ে পড়েছে। মাসের শুরুতেই কারখানা বন্ধে শ্রমিকদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে।
শ্রমিক অসন্তোষের ঘটনায় কন্টিনেন্টাল গামের্ন্টস গ্র"প, টেক্সটাউন গ্র"প ও ক্রস অয়্যার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের আরো তিনটি কারখানায় তিনদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/কেএমএস/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24