ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮৯৮ সালের প্রণীত 'কুষ্ঠ আইন' বাতিলের জন্য একটি বিল উত্থাপন করেছেন সরকারি দলের সদস্য সাবের হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে তিনি 'দ্য লেপার্স এ্যাক্ট (বাতিল) বিল -২০১০' সংসদে উত্থাপন করেন।
ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীতে এই বিলটি পেশ করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, কুষ্ঠ রোগ সংক্রামক এবং নিরাময়যোগ্য নয় বলে কুষ্ঠরোগীদের জনবিচ্ছিন্ন করে রাখতে ১৮৯৮ সালে 'দ্য লেপার্স অ্যাক্ট' প্রনয়ন করা হয়। বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে, এই রোগটি মোটেও সংক্রামক নয়। অন্য অনেক রোগের মতোই এটিও একটি নিরাময়যোগ্য রোগ।
এতে আরও বলা হয়, বাস্তবতার নিরিখে রাষ্ট্র ও সমাজ নির্বিকার থাকতে পারে না। তাই মৌলিক মানবাধিকার, ব্যক্তি মর্যাদা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও বৈষম্য দুরীকরণের লক্ষ্যে বিদ্যমান আইনটি রহিত করতে এই বিলটি প্রস্তাব করা হয়েছে।
পরে ডেপুটি স্পিকার বিলটি বেসরকারি সদস্য বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটিতে প্রেরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২০১২
bdnews24