চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারো মেয়র নির্বাচিত হলে 'নগর সরকার' ব্যবস্থা বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী।
ষোল পৃষ্ঠার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় মহিউদ্দিন চৌধুরী শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, ধর্মীয়, আবাসন, তথ্য প্রযুক্তি, ভৌত অবকাঠামোসহ নানা বিষয়ে ৫৫ দফা অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার বিকালে নগরীর নন্দনকাননে নিজের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার তুলে ধরা হয়। ইশতেহার পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নাগরিক কমিটির সাবেক মহাসচিব অধ্যাপক ড. আবু ইউসুফ।
ইশতেহারের পটভুমিতে বলা হয়েছে, "নগর সরকার বাস্তবায়নের মাধ্যমে নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য ও নানা অধিকার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে একটি আইনি অবকাঠামো তৈরী করে নাগরিক সেবাসমূহের সমন্বয় করা হবে।"
এছাড়া ঘোষিত ইশতেহারে শিক্ষা ক্ষেত্রে নানা উদ্যোগ নেয়ার প্রতিশ্র"তি দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ চালু, ২০টি প্রাথমিক, ৪১টি নৈশ বিদ্যালয় এবং ২০টি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা।
একশ শয্যা বিশিষ্ট মাতৃসদন, বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে ২৫০শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউট প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে ইশতেহারে।
স্বাস্থ্যক্ষেত্রে আরো নানা ধরণের সেবা বাড়ানোর প্রতিশ্র"তির পাশাপাশি নাগরিক সেবায় কর্ণফুলী নদীর পাড়ে সুপ্রশস্ত পার্কসহ মেরিন ড্রাইভ, আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার ও সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্র"তি দিয়েছেন তিনি।
এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ বা পার্ক স্থাপন, মহল্লাভিত্তিক কমিউনিটি পুলিশ গড়ে তোলা, জলাবদ্ধতা দূর, যানজট নিরসনে বহুতল পার্কিং ব্যবস্থা, কর্ণফুলী নদীকে বর্জ্যমুক্ত করার ঘোষণা রয়েছে তার নির্বাচনী ইশতেহারে।
নগরীর মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে নানা ধরণের উদ্যোগ নেয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয় প্রতিষ্ঠা, কবরস্থান-শ্মশানের সংখ্যা বাড়ানো এবং সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়কে আন্তর্জাতিক তীর্থ কেন্দ্র করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।
চট্টগ্রামকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে নানা ধরণের ভৌত অবকাঠামোগত উন্নয়ন করার কথাও ইশতেহারে তুলে ধরেছেন।
নির্বাচনী ইশতেহারের শেষের দিকে মহিউদ্দিন চৌধুরীকে নির্বাচিত করার আবেদন জানিয়ে বলা হয়েছে, "মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের উন্নয়নে ইতিমধ্যে যা করেছেন, জোট সরকারের সময় চট্টগ্রামের ৮ মন্ত্রী তার এক দশমাংশও করেননি। তাই বন্দর নগরীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে জাহাজ মার্কায় ভোট দিন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসএএ/কেএমএস/১৯৪৮ঘ.
bdnews24