ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছর পর চাকরি ফিরে পেলেন চট্টগ্রাম সমূদ্র বন্দরের নিরাপত্তা বিভাগের সাত কর্মী।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব নাসির আরিফ মাহমুদ এ আদেশে স্বাক্ষর করেছেন।
এই সাত জনকে বরখাস্ত করা হয়েছিলো। সহকারী পরিচালক তারিকুল ইসলাম, গেইট সার্জেন্ট আব্দুল গণি, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের এবং নিরাপত্তা রক্ষী নূরুল আবছার, ফজলুল কাদের, কামাল উদ্দিন ও জাহাঙ্গীর আরাফাত।
এদের মধ্যে কামালউদ্দিন মারা গেছেন বলে জানিয়েছেন সহকারী পরিচালক তারিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৩ সালের ২৫ ফেব্র"য়ারি তারিকুল ইসলামসহ নিরাপত্তা বিভাগের ২৫ কর্মীকে একযোগে বদলী করা হয়। এর প্রতিবাদ করায় ১২ জনকে একযোগে চাকরিচ্যুত করা হয়।
চাকরিচ্যুতদের মধ্যে পাঁচজন আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ওই পাঁচজন হেরে যান। ২০০৮ সালে তারা আপিল করেন। বর্তমানে আপিল মামলা বিচারাধীন রয়েছে।
মামলা না করা সাত কর্মীর পক্ষে ওই বরখাস্তের আদেশটি পুনর্বিবেচনা করার জন্য গত বছর ১১ অক্টোবর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদনের ভিত্তিতে সরকারের বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এ পুনর্বহালের আদেশ জারি করা হয়।
বিচারাধীন মামলার কারণে ওই পাঁচজনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে নৌ-পরিবহণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৯২৯ঘ.
bdnews24