ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মোট ২১৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
নির্বাচন পরিচালনায় গঠিত কমিশন প্রার্থীদের সঙ্গে আগামী ১০ জুন থেকে মতবিনিময় করবে। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মতের প্রতিফলন ঘটাতে এ মতবিনিময় করা হবে।
এ লক্ষ্যে নির্বাচন কমিশনের পাঁচ সদস্য সারাদেশে সফর করবেন বলে জানিয়েছেন কমিশনের মুখপাত্র বেসামরিক বিমান পরিবহন সচিব শফিক আলম মেহেদী।
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মেহেদী বলেন, মতবিনিময় করা হবে ১০ থেকে ২০ জুন পর্যন্ত। জাতীয় নির্বাচনের আইন মেনেই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে।
মেহেদী জানান, নির্বাচনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান পদে দশ জন, ভাইস চেয়ারম্যান পদে সাইত্রিশ জন, মহাসচিব (প্রশাসন) পদে চারজন, মহাসচিব (অর্থ) পদে তিনজন, মহাসচিব (কল্যান) পদে সাতজন এবং যুগ্ম-মহাসচিব পদে ঊনিশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন মো. আলমগীর, ওসমান আলী খন্দকার, নুরুল হুদা, খালিকুজ্জামান, আবদুল আহাদ চৌধুরী, নঈম জাহাঙ্গীর, হেলাল মোর্শেদ খান, ইসমত কাদির গামা, আবির আহাদ ও ফরিদউদ্দিন জাকির খান।
শফিক আলম মেহেদী জানান, কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হবে। জেলা ও উপজেলা সংসদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে আগামী ১০ জুন।
সারাদেশের প্রার্থীদের আপিল নিস্পত্তির সময়সীমা ৭ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৮ জুন ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ৯ জুনের মধ্যে শেষ করা হবে।
নির্বাচনে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি।
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮০০ঘ.
bdnews24