২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাদুকাটা নদীতে বালু উত্তোলন অবৈধ ঘোষণা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. আজিজুল হকের বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। আদালত রায়ে বলেছে, আইন অনুযায়ী নদী সংরক্ষণ, অববাহিকা নিয়ন্ত্রণ, উন্নয়ন, বন্যা ও মোহনা নিয়ন্ত্রণ, সেচ পরিচালনা এবং নদীতীর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। এতে আরো বলা হয়, নদী ও পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক পদক্ষেপ নিতে পারে। বেলার দায়ের করা রিট আবেদনটির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১২ জুলাই হাইকোর্ট রুলনিশি জারি করেছিল। যাদুকাটা নদীতে বালু উত্তোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার কারণ জানতে চাওয়া হয়। রিট আবেদনে বলা হয়, ২০০৫ সালে তাহিরপুরের জনগণ যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করে। আবেদনে বলা হয়, পরিবেশকে হুমকির মুখে ফেলে যাদুকাটা নদীতে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। ওই আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও ইকবাল কবির লিটন। আর বালু উত্তোলনকারী ইজারাদারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৮২৬ঘ.