২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ছাত্র পরিষদ নেতা গুলিতে নিহত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের এক নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 06:49 AM

Updated : 25 Aug 2022, 11:38 AM

রাঙামাটি, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির রাজস্থলী উপজেলায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের এক নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত আনন্দ জ্যোতি তংচংগ্যা (৩০) বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা শাখা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। আহত পলাশ চাকমার (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ ঘটনার জন্য পার্বত্য শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে। এর আগে গত ১৭ মে একই উপজেলায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে উসিনু মারমা নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতা নিহত ও অপর একজন আহত হন। ওই ঘটনার জন্যও ইউপিডিএফকে দায়ি করেছিলো জনসংহতি সমিতি। স্থানীয়দের বরাত দিয়ে রাজস্থলী থানার ওসি মো. রেজাউল হক সাংবাদিকদের জানান, সকালে সোয়া ৭টার দিকে একদল অস্ত্রধারী উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে একযোগে ১০-১৫ মিনিট ধরে প্রায় তিনশ' রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় বাজারের একটি ভাড়া বাসা থেকে আনন্দ জ্যোতিসহ কয়েকজন বন্ধু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, তখন অস্ত্রধারীরা তাদের লক্ষ করে গুলি করে। এতে ঘটনাস্থলে আনন্দ জ্যোতি নিহত এবং পলাশ আহত হন। পরে পুলিশ পাল্টা গুলিবর্ষণ শুরু করলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা সাংবাদিকদের বলেন, ইউপিডিএফ এ হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০১ ঘ.