২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর খাদ্য গুদামে চাল সরবরাহ বন্ধ

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অপসারণের দাবিতে সদর চালকল মালিক সমিতি বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ বন্ধ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 11:32 AM

রংপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা খাদ্য নিয়ন্ত্রকের অপসারণের দাবিতে সদর চালকল মালিক সমিতি বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ বন্ধ দিয়েছে। এসএম মোহসীন আলী নামের এই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তারা এ সিদ্ধান্ত নেন। বুধবার দুপুরে রংপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সদর চালকল মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বসুনিয়া লিখিত বক্তব্যে বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক দীর্ঘদিন ধরে চুক্তিভুক্ত চালকল মালিকদের হয়রানি করে আসছেন। তিনি প্রতি বস্তায় ২০ টাকা করে ঘুষ দাবি করেন। এছাড়া সহকারী খাদ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান ১০ টাকা এবং খাদ্য গুদাম কর্মকর্তা ও অন্য কর্মকর্তাদের ২০ টাকা করে ঘুষ না দেওয়ায় মিল মালিকদের সরবরাহ করা চাল গুদামজাত করার উপযোগী নয় বলে তা ফেরত দিচ্ছেন। এতে চালকল মালিকদের আর্থিক ক্ষতি হচ্ছে। জেলা খাদ্য কর্মকর্তার অপসারণ না করা পর্যন্ত তারা সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ বন্ধ রাখবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন চালকল মালিক উপস্থিত ছিলেন। সদর উপজেলা চালকল মালিক সমিতির আহবায়ক নজরুল ইসলাম বসুনিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ ওই অফিসের কর্মকর্তারা দুর্নীতিবাজ। তারা এভাবে প্রতিবছর চাল কেনার সময় চালকল মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নেন। এ ব্যাপারে রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম মোহসীন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি নির্দেশ মতো মানসম্মত চাল নেওয়ায় চালকল মালিকরা ক্ষুব্ধ হয়েছেন। জেলার সহকারী খাদ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, চলতি বছর ইরি-বোরো মৌসুমে জেলায় ৩৮ হাজার ১৭১ টন চাল এবং চার হাজার ১৪৭ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রংপুর খাদ্য বিভাগ। আগামী আগস্ট মাস পর্যন্ত চাল কেনার সময় আছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫২ ঘ.