গাইবান্ধা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোয়ালের ঘাট বধ্যভূমির পাশে বুধবার একটি কঙ্কাল পাওয়া গেছে।
কঙ্কালটি মুক্তিযুদ্ধের সময়ের কোনো শহীদের হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
সকালে উপজেলার কেন্দ্রীয় শ্মশান ঘাট নির্মাণের জন্য মাটি কাটার সময় একফুট নিচে এটি পাওয়া যায় বলে জানান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আহসান হাবীব।
তিনি সাংবাদিকদের জানান, মাটি কাটার সময় শ্রমিকরা মানুষের কিছু হাড় পায়। পরে তিনি নিজে তত্ত্বাবধানে থেকে পুরো কঙ্কালটি তোলেন।
পরে ওই কঙ্কাল তার বাড়ি নিয়ে যান। এখন তা তার হেফাজতেই আছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় ওই জায়গায় রাজাকার-আলবদরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ ধরে এনে পাকসেনারা ধর্ষণ, নির্যাতন ও খুন করত। পরে ওখানেই মাটিচাপা দিত।
কঙ্কালটি ওইরকম কোনো শহীদের হতে পারে বলে জানান তিনি।
গাইবান্ধা জেলা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহ্বায়ক জি এম মিঠু জানান, ওইস্থানে খনন করলে আরো অনেক মানুষের হাড় পাওয়া যাবে। কারণ ওই বধ্যভুমির প্রকৃত আয়তন নির্ধারণ বা কোথায় কোথায় গণকবর আছে তা এখনও সম্পূর্ণ চিহ্নিত করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.
bdnews24