নারায়ণগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবাকে খুন করার দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।
বুধবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল হক এ রায় দেন। ওই সময় দণ্ডিত ফোরকান ভুঁইয়া (৪৫) আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, জেলার রূপগঞ্জের ভোলাবো এলাকার ফোরকান ভুঁইয়া এলাকার কয়েকজনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। পাওনাদারদের এই টাকা পরিশোধ করার জন্য ফোরকান তার বাবা মোহাম্মদ আলীকে বলে।
মোহাম্মদ আলী রাজি না হলে ২০০৭ সালের ৬ ডিসেম্বর কথাকাটাকাটির এক পর্যায়ে ফোরকান লোহার রড দিয়ে পিটিয়ে মোহাম্মদ আলীকে খুন করে।
এ ঘটনায় ফোরকানের ছোটভাই এমরান ভুঁইয়া রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ফোরকানকে গ্রেপ্তার করে। মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি আসাদুজ্জামান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট হারুনুর রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24