ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - অবিলম্বে দৈনিক আমার দেশ পত্রিকা চালুর দাবিতে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
তারা পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিও দাবি করেছে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের টেনিস মাঠের এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে আছে- আগামীকাল বৃহস্পতিবার সকালে এবং শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
শনিবারের মধ্যে মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে সমাবেশে বলা হয়, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আতাউস সামাদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জামায়াতের সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর সাবেক সভাপতি ডা. জাহিদ হোসেন, পেশাজীবি ফোরাম নেতা কামরুল হাসান, কবি আবদুল হাই শিকদার, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, একদিকে সরকার গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে পত্রিকা, টিভি চ্যানেল বন্ধ করে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই সরকার এ ধরণের কর্মকাণ্ড চালাচ্ছে।
বক্তারা আরো বলেন, সরকার এধ রনের সিদ্ধান্ত নিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। এর ফল সরকারকে পেতেই হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়।
বুধবার ভোররাতে বিএনপি সমর্থক দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করা হয়।
তার কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার রাতে পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল এবং এর ছাপাখানা বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/১৬৪২ ঘ.
bdnews24