ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে পাঁচতলা ভবন ধসে নিহতের সংখ্যা ১৪ জনে উন্নীত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ছয়জনকে।
মঙ্গলবার রাত ১১টার দিকের ওই ধসের পর এ নিয়ে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা হলো।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সকাল পৌনে ১০টার দিকে দমকলের ঢাকা অঞ্চলের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত আরো ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বেগুনবাড়ির পোস্ট অফিস গলির ১৮/বি নম্বর বাড়িটি ধসে পাশের কয়েকটি তিন তলা টিনশেড বাড়ির ওপর পড়ে।
নিহতদের বেশিরভাগই টিনশেড বাড়িটির বাসিন্দা বলে জানান নাজমা আক্তার।
আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তি এই ভবনের মালিক। ঝিলের পাড়েই ভবনটি নির্মাণ করা হয়। গোড়া থেকে ভবনটি দক্ষিণ পাশে ধসে পড়ে। প্রতি ফ্লোরে দুই কক্ষ বিশিষ্ট এই ভবনটি প্রায় দুই কাঠা জমির ওপর নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। ভবনটির পাঁচতলার নির্মাণ কাজ চলছিল।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই ভবনের বাসিন্দা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ বিকট শব্দে ভবনটি ধসে পড়ে।"
তিনি নিচতলায় থাকতেন। তাকে গ্রিল কেটে উদ্ধার করা হয়।
র্যাব, পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে। উদ্ধার কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। ধসে পড়া ভবনের আশপাশে দুর্ঘটনার শিকার লোকজনের আত্মীয় স্বজন ও এলাকার মানুষ ভিড় করেছে।
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও স্থানীয় সাংসদ আসাদুজ্জামান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/এজে/১০১৬ ঘ.
bdnews24