ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে একটি পাঁচতলা ভবন ধসে অন্তত পাঁচজন জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
ভবনটি বস্তির বেশ কিছু ঘরের ওপর ধসে পড়ে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তত ৫০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২ টায় দমকলের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। এদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। তবে তাৎক্ষণিভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে দমকলের মহাপরিচালক আবু নাইম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনটি পাশের বস্তির বেশ কয়েকটি টিনের ঘরের ওপর ধসে পড়েছে। আমরা দুজনের লাশ দেখেছি। আরও চার জন সেখানে আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।"
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকার জেলা প্রশাসক মহীবুল হক জানান, এখনো ২০ জন নিখোঁজ রয়েছেন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ওই ভবনের বাসিন্দা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ বিকট শব্দে ভবনটি ধসে পড়ে।"
তিনি নীচতলায় থাকতেন। তাকে গ্রিল কেটে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযান এখনো চলছে। র্যাব, পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করছে। উদ্ধার কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। তবে গলি সরু হওয়ায় এগুলো ঘটনাস্থলে নিতে সমস্যা হচ্ছে। ধসে পড়া ভবনের আশপাশে দুর্ঘটনার শিকার লোকজনের আত্মীয় স্বজন ও এলাকার মানুষ ভিড় করেছে।
রাত পৌনে ২টার দিকে ব্রিগেডিয়ার জেনারেল শরাফতের নেতৃত্বে সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ারিং কোরের একটি দল উদ্ধার কাজে যোগ দেয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ভবনটি ধসে পড়ে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেগুনবাড়ির পোস্ট অফিস গলির ১৮/বি নম্বর বাড়িটি ধসে পাশের কয়েকটি তিন তলা টিনশেড বাড়ির ওপর পড়েছে। ধসে পড়া ভবন ও ওইসব বাড়ির বাসিন্দারা আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানান, আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তি এই ভবনের মালিক। ঝিলের পাড়েই ভবনটি নির্মান করা হয়। গোড়া থেকে ভবনটি দক্ষিণ পাশে ধসে পড়ে।
প্রতি ফ্লোরে দুই কক্ষ বিশিষ্ট এই ভবনটি প্রায় দুই কাঠা জমির ওপর নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। ভবনটির পাঁচতলার নির্মাণ কাজ চলছিল।
ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা রাত সাড়ে ১২টা পর্যন্ত তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, ভবনে চাপা পড়া টিন শেড ঘরে এক ব্যক্তি আটকা পড়ে আছে এবং জীবিত আছে। ওই ব্যক্তি বলেছে, তার পাশেই তিনজন মারা গেছে।
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও স্থানীয় সাংসদ আসাদুজ্জামান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএসবি/কেএমএস/এইচএ/০৫১৬ ঘ.
bdnews24