চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।
১৭ জুন অনুষ্ঠেয় সিসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত নাগিরক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী পেয়েছেন জাহাজ প্রতীক।
আনারস প্রতীক পেয়েছেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম।
নগরীর মুসলিম হলে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে প্রথমে আট মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
২০০৫ সালের ৯ মে অনুষ্ঠিত সর্বশেষ সিসিসি নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ২১ জন।
এবার ৪১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী ৫৯ জন।
গতবার সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৩০৪। ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
গত ২০ মে ১৮ জন মেয়র পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোঘণা হয়। পরে আরো পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মেয়র পদে মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সোলায়ামন আলম শেঠ টেলিভিশন, স্বতন্ত্র রফিকুল আলম তালা, মোফাজ্জল হোসেন ভূঁইয়া হেলিকপ্টার, সৈয়দ সাজ্জাদ জোহা চশমা, মো. ইব্রাহীম মটর সাইকেল এবং জানে আলম দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।
মহিউদ্দিন সিসিসির গত তিন নির্বাচনের হারিকেন প্রতীকে পদে জয়ী হন। এ নির্বাচনে হারিকেন প্রতীক না থাকায় তিনি জাহাজ প্রতীক চান। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে তা বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী।
মনজুর আলমের আনারস প্রতীকে আরেকজন দাবিদার ছিলেন। আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি মনজুর আলমকে ছেড়ে দেন।
প্রতীক বরাদ্দের সময় মহিউদ্দিন উপস্থিত থাকলেও মনজুর ছিলেন না।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "যে প্রতীক চেয়েছি তা পেয়েছি। গতবার হারিকেন দিয়ে ঘরে ঘরে আলো জ্বালিয়েছিলাম। এবার জাহাজ দিয়েও আলো জ্বালাবো।"
"প্রতীকের চেয়ে ব্যক্তি বড়। ভোটাররা ব্যক্তি দেখেই ভোট দেবে", যোগ করেন তিনি।
প্রচারণরা কৌশল সম্পর্কে জানতে চাইলে মহিউদ্দন বলেন, "এতোদিন ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছি। এবার নতুন কৌশলে আগাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১১৪৫ ঘ.
bdnews24