২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হাসিনার

জনগণের প্রত্যাশা পূরণে মহাজোটের শরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের প্রত্যাশা পূরণে মহাজোটের শরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের উপর যে আস্থা রেখেছে তার মর্যাদা রক্ষারও তাগিদ দেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলগুলোর যৌথসভার শুরুতেই শেখ হাসিনা এ আহ্বান জানান। সন্ধ্যা সাড়ে সাতটায় এ সভা শুরু হয়ে তা শেষ হয় রাত ৯টায়। এতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহাজোট নেতৃবৃন্দ ও সংসদীয় দল অংশ নেয়। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "চৌদ্দ দল, মহাজোট ও আমরা সবাই মিলে গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। এখন জনগণের আস্থা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সবাই মিলে কাজ করলে জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করতে পারবো।" শেখ হাসিনা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির জিএম কাদের, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, কম্যুনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শরীফ নুরুল আম্বিয়া, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, গণআজাদী লীগের হাজী আব্দুস সামাদ, ইসলামী ঐক্যজোটের মিসবাহ উর রহমান চৌধুরী এবং জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদকে নিয়ে মঞ্চে উঠেন। বক্তব্যের শুরুতেই হাসিনা জানান, সবাইকে গণভবনে আপ্যায়িত করতে এবং সবার সঙ্গে আরো ভালোভাবে পরিচিত হতেই এ সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, "আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন হোক। এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাক। জনগণের কাছে যে ওয়াদা করেছি তা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য। অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাতের পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা দেশকে সঠিক পথে নিয়ে যেতে চাই।" স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, শুধু শহরেই উন্নয়ন নয়, তা হতে হবে গ্রামভিত্তিক। গ্রামের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। তিনি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করারও অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, "আমাদের অনেক চিন্তাভাবনা আছে, কিন্তু আমরা পথ খুঁজে পাচ্ছি না।"