২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সোনারগাঁওয়ের কাঁচপুরে মঙ্গলবার আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 06:55 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

নারায়ণগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনারগাঁওয়ের কাঁচপুরে মঙ্গলবার আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১২ পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে সকাল ৮টার দিকে আবারো বিক্ষোভ শুরু করে রপ্তানিমুখী পোশাক তৈরির প্রতিষ্ঠান এস এ ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস এর শ্রমিকরা। একই দাবিতে গত সোমবারও বিক্ষোভ করে তারা। কারখানায় প্রায় ৭-৮ হাজার শ্রমিক কাজ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার ৯টার দিকে কারখানা থেকে বেরিয়ে কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। শ্রমিকরা ১০-১২টি গাড়ি ভাংচুর করে ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানান, পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড শট গানের গুলি ও ২৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। তিনি বলেন, এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১২ পুলিশ সদস্য ও পথচারীসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে সকাল ৯টা থেকে প্রায় সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। এ সময় সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। কারখানার অপারেটর মিজান বলেন, "দুই দিন আগে কর্তৃপক্ষ বিনা নোটিশে কোনো কারণ ছাড়াই আট শ্রমিককে চাকুরিচ্যুত করে। আমরা এর প্রতিবাদ জানিয়ে তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছি।" তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার এক কর্মকর্তা বলেন, "কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের নিয়ম মোতাবেক অব্যহতি দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৪৪৪ ঘ.