২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুহুল কুদ্দুসের মামলা: আবেদনের শুনানি মুলতবি

শপথ না পড়ানো বিচারপতি রুহুল কুদ্দুস বাবুর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামী ৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 05:58 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শপথ না পড়ানো বিচারপতি রুহুল কুদ্দুস বাবুর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আগামী ৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি হাবিবুল গনির বেঞ্চ সরকারের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সরকার পক্ষে এই সময়ের আবেদন জানান। তিনি বলেন, এই আবেদনের ওপর এখন শুনানি হওয়া জরুরি নয়। রুহুল কুদ্দুস বিচারপতি হিসাবে এখনও শপথ নেননি। আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম এই সময়ের আবেদনের বিরোধিতা করেন। সরকার গত ১১ এপ্রিল হাইকোর্টে রুহুল কুদ্দুস বাবুসহ ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির নেতা আসলাম হোসেন ১৯৮৮ সালের ১৭ নভেম্বর ছাত্র সংঘর্ষে নিহত হন। ওই ঘটনার পরদিন আসলামের সহপাঠী নায়েব আলী রাজশাহীর মতিহার থানায় রুহুল কুদ্দুস বাবুসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ১৯৮৯ সালের ১৫ ফেব্র"য়ারি এ মামলায় রুহুল কুদ্দুসসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ৮ এপ্রিল রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত রুহুল কুদ্দসসহ এ মামলার ৯ আসামীর নাম প্রত্যাহারের সরকারের আবেদন মঞ্জুর করে। এরপর গত ২ মে নায়েব আলী ও আসলামের বাবা জিন্নাত আলী অতিরিক্ত দায়রা জজের এই আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩৩৬ ঘ.