রাজশাহী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরপত্রে মোবাইল ফোন নম্বর লিখে রেখে পরীক্ষকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ফল জালিয়াতি করার অভিনব উপায় ধরা পড়েছে পুলিশের কাছে।
এরকম এক ঘটনায় সোমবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি)'র এক পরীক্ষক, দুই পরীক্ষার্থী এবং দুই সন্দেহভাজন সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সান্তাহারের শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক আবুল কালাম আজাদ, রাজশাহী বরেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী আল-আমিন ও হাসিবুর রহমান এবং তাদের সন্দেহভাজন সহযোগী রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানার বালিয়াডাঙ্গা এলাকার ইব্রাহীম হোসেন ও বাগমারা থানার হাট দামনাশের গ্রামের আলতাব ফটিক।
ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান জানান, সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের খাতা মূল্যায়ন করার দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ। খাতায় মোবাইল ফোন নম্বর লেখা থাকায় ইব্রাহীম ও আলতাবের মাধ্যমে পাঁচ হাজার টাকা চুক্তিতে বরেন্দ্র কলেজের এই দুই পরীক্ষার্থী পরীক্ষকের বগুড়া শহরের সেউজগাড়ির ভাড়া বাসায় গিয়ে নতুন করে উত্তরপত্র তৈরি করছিলেন।
গোপনে খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দুটি উত্তরপত্র ও ৫ হাজার টাকা জব্দ করা হয় বলেও ওই কর্মকর্তা জানান।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, "ইদানীং পরীক্ষা খারাপ হলে কিছু পরীক্ষার্থী উত্তরপত্রে মোবাইল নম্বর লিখে দেয়। এর মাধ্যমে কিছু পরীক্ষক এ কাজে জড়িত চক্রের মাধ্যমে ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে। যে সব প্রশ্নের উত্তর দিতে পারে নাই, বা সম্পূর্ণ করতে পারেনি সে সব প্রশ্নের উত্তর তারা খাতার ফাঁকা স্থানে লিখে দেয়। খাতা প্রতি ৫ থেকে ৩০ হাজার টাকা নিয়ে থাকে। এ পর্যন্ত ১২ জন পরীক্ষাথীকে এভাবে বাসায় নিয়ে খাতায় লিখে নেয়া হয়েছে।"
গ্রেপ্তারকৃতদের রাজশাহী ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শিক্ষক আবুল কালামের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কোলা গ্রামে।
তিনি সাংবাদিকেদের বলেন, লোভে পড়ে এই কাজ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২১৩৬ ঘ.
bdnews24