২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে শিক্ষকের ক্ষমা প্রার্থনা

ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সহযোগী অধ্যাপককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 05:33 PM

Updated : 25 Aug 2022, 11:22 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক সহযোগী অধ্যাপককে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ কমিটির এক বৈঠকে মার্কেটিং বিভাগের সভাপতি বখতিয়ার রানার দেওয়া এক বক্তব্যের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। জবি শিক্ষক ও ছাত্ররা জানান, গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ কমিটির এক বৈঠকে বখতিয়ার রানা তার বক্তব্যে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরসহ সকল ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের আহবান জানান। এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান রিপন ছাত্র শিবিররের সঙ্গে সহাবস্থান করার বক্তব্যের প্রতিবাদ করে তা প্রত্যাহারের দাবি জানান। রোববার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই শিক্ষককে কামরুল হাসানসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা ক্ষমা চাইতে বাধ্য করে। কামরুল হাসান রিপন বলেন, "শিবিরের পক্ষে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে বললে তিনি উল্টো আমাকে ও আমাদের সংগঠনের কর্মীদের শিবির বলে আখ্যায়িত করেন। এতে উত্তেজিত কর্মীদের দাবিতে তিনি ক্ষমা চান।" এ ব্যাপারে বখতিয়ার রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিবিরের পক্ষে আমি কোনো বক্তব্য দিইনি। প্রত্যাহার করার মতো কোন কথাও বলিনি। তারপরও ছাত্রলীগ আমাকে অপমানিত করেছে। আমি হাজ জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.