২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফেইসবুক অপরাধে' গ্রেপ্তার রডিন রিমান্ডে

ফেইসবুকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে গ্রেপ্তার মাহাবুব আলম রডিনকে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেইসবুকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে গ্রেপ্তার মাহাবুব আলম রডিনকে তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক নজরুল ইসলাম শুনানি শেষে এ হেফাজত মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই আশিকুর রহমান রডিনকে আদালতে পাঠিয়ে সাতদিনের হেফাজতের আবেদন করেন। হেফাজত আবেদনের উদ্ধৃতি দিয়ে আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার শাখাওয়াৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামী রডিন আইটি প্রযুক্তিতে অভিজ্ঞ এবং সরাসরি সাইবার ক্রাইমে জড়িত । রডিনের বিরুদ্ধে ফেইসবুকে আপত্তিকর ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও জালিয়াতির মাধ্যমে একাধিক পাসপোর্ট রাখার অভিযোগে সূত্রাপুর থানায় তথ্য ও প্রযুক্তি আইন ও পাসপোর্ট আইনে রোববার এ মামলা করেন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মাহাবুল হক। শনিবার র‌্যাবের একটি দল রাজধানীর র‌্যাংঙ্কিং স্ট্রীট থেকে রডিনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১২৬ ঘ.