২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে জনসভা: প্রধানমন্ত্রীর 'হস্তক্ষেপ' চায় জামায়াত

জামায়াতে ইসলামীর পল্টন জনসভার বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'হস্তক্ষেপ' চাইতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দলটির এক শীর্ষনেতা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর পল্টন জনসভার বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'হস্তক্ষেপ' চাইতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দলটির এক শীর্ষনেতা। রোববার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "পল্টনে জনসভা বিষয়ে প্রধানমন্ত্রীর 'হস্তক্ষেপ' চাইতে দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।" একইসঙ্গে যুবলীগের কর্মসূচি স্থগিত, পুলিশি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান মুজাহিদ। পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও যুবলীগ সমাবেশ ডাকায় ময়দানসহ সংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল সভা-সমাবেশের ওপর শনিবার নিষেধাজ্ঞা জারি করে ১৪৪ ধারা জারি করে পুলিশ প্রশাসন। মুজাহিদ জানান, ৩১ মে পল্টন ময়দানে জনসভা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। এদিকে পল্টনে সরকার যুবলীগকে সমাবেশ করার অনুমতি দেবে বলে আশাপ্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক মীর্জা আজম। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সমাবেশ আয়োজনে গত ২৩ মে যুবলীগ জাতীয় ক্রিড়া পরিষদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা হয়েছে।" ওই সমাবেশ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে হওয়ার কথা উল্লেখ করে আজম দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত সমাবেশ ডেকেছে। তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকেত ৩ জুন দেশের সব উপজেলায়, ৫ জুন সব জেলায় এবং ১২ জুন রাজধানীর মুক্তাঙ্গনে যুবলীগ প্রতিবাদ সমাবেশ করবে। মুক্তাঙ্গনের সমাবেশ থেকে পরবর্তী মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হবে বলে জানান আজম। যুবলীগ আকস্মিকভাবে মাত্র একদিন আগে জামায়াতের জনসভার দিন পল্টন ময়দানে সমাবেশের ডাক দিয়েছে দাবি করে মুজাহিদ বলেন, "তা সরকারের নির্দেশেই করেছে।" পল্টন ময়দানসহ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি হঠকারী, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলেও মন্তব্য করেন মুজাহিদ। তিনি জানান, সরকার তাদের রাজপথে ঠেলে এবং দেয়ালে পিঠ ঠেকিয়ে দিলে তারা যে কোনো কর্মসূচি ও পদক্ষেপ নিতে বাধ্য হবেন। সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমীর মকবুল আহমদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম, ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খান, সেক্রেটারি এএইচ এম হামিদুর রহমান আযাদ, নুরুল ইসলাম বুলবুল, মাওলানা আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২২১৯ ঘ.