বগুড়া, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় সারিয়াকান্দি এলাকায় যমুনা নদীতে নৌকাডুবিতে এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কালিতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের গ্রোয়েন সংলগ্ন ঘাটে নৌকাটি ডুবে যায়।
নিখোঁজ রয়েছেন- কাহালু উপজেলার বিবিরপুকুর গ্রামের জাহিদুল ইসলাম ( ২৮), তার ছেলে জিহাদ (৫), মকবুল (৪০), সাথিয়া রোজী (২০) ও আজমল (২৫)।
বগুড়া দমকলের সিনিয়র স্টেশন কর্মকর্তা সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকাডুবির পরপরই স্থানীয় দমকল কর্মীরা উদ্ধার অভিযানে নেমে ব্যর্থ হয়। রাতে রাজশাহী থেকে দমকলের ডুবুরিরা এলেও অন্ধকার থাকায় উদ্ধার কাজে নামেনি।
এরপর তারা শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত চেষ্টা করেও কাউকে উদ্ধার করতে পারেনি।
সারিয়াকান্দি থানার ওসি শাহিদার রহমান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
বিবিরপুকুর এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামে আসা মেহমানদের মধ্যে ২০ জন বিকালে নদীতে ভ্রমণের জন্য কালিতলা ঘাটে একটি নৌকায় ওঠেন। কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড স্রোতে নৌকাটি উল্টে যায়। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৬ ঘ.
bdnews24