ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে সেনপাড়া পর্বতায় একটি পোষাক কারখানা ও একটি নির্মানাধীন ভবনে শনিবার চাঁদাবাজদের হামলায় দুই শ্রমিক ও এক নিরাপত্তা কর্মী আহত হয়েছে।
চাঁদাবাজরা দুটি স্থানেই গুলিবর্ষণ করে।
নিরাপত্তা কর্মী মো. আব্দুল ওহাব ও শ্রমিক উজ্জ্বল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ওহাব ৫১৮/১, সেনপাড়া পবর্তার স্পাইল গার্মেন্টস লিমিটেডের নিরাপত্তা প্রহরী এবং উজ্জ্বল ৪৫৬, সেনপাড়া পবর্তার সানসিটি ডেভেলপার লিমিটেডে নির্মাণ সহকারী হিসাবে কাজ করে।
উজ্জ্বল হাসপাতালে সাংবাদিকদের জানায়, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে ৪ জন যুবক সানসিটির নির্মানাধীণ ভবনের ঠিকাদারকে খুঁজতে আসে। ঠিকাদারকে না পেয়ে যুবকরা নির্মাণাধীন ভবনের ভেতর ঢোকার চেষ্টা করলে তারা বাধা দেন। তখন সন্ত্রাসীরা উজ্জ্বলের পায়ে গুলি করে এবং আঞ্জু নামের আরেক কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৭ টার দিকে কয়েক যুবক চাঁদার দাবিতে সেনপাড়া পবর্তার স্পাইল গার্মেন্টস লিমিটেডের নিরাপত্তা প্রহরী আব্দুল ওহাবকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ওহাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ওহাব জানান, চাঁদা না দিলে যুবকরা আবারো আসবে বলে হুমকি দিয়ে গেছে।
কাফরুল থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সানসিটি ডেভেলপারের কাছে কিছুদিন আগে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছিল বলে সানসিটি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। অন্য প্রতিষ্ঠানের ঘটনাটিও চাঁদার কারণেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।"
ওসি জানান, দুটি ঘটনায় একই গ্র"প জড়িত বলে পুলিশ ধারণা করছে। জিজ্ঞাসাবাদের জন্যে একজনকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/১৭১৫ ঘ.
bdnews24