২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণি সংরক্ষণে বঙ্গবন্ধু জাতীয় পদক

বন্যপ্রাণি সংরক্ষণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশে প্রথমবারের মতো দেওয়া হচ্ছে 'বঙ্গবন্ধু জাতীয় পদক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যপ্রাণি সংরক্ষণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশে প্রথমবারের মতো দেওয়া হচ্ছে 'বঙ্গবন্ধু জাতীয় পদক'। চলতি ২০১০ সালে এ পদকের জন্য দুটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। আগামী ১ জুন জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা, ২০১০-এর উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক বিতরণ করবেন। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১ জুন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপি বৃক্ষমেলা, ২০১০ শুরু হবে। হাছান মাহমুদ জানান, বিআইসিসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণে অবদান রাখার জন্য 'প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার' পাওয়া ১৬ ক্যাটাগরির ৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং সামাজিক বনায়নে অবদান রাখায় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও পুরস্কার দেবেন। বন্যপ্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু জাতীয় পদকের জন্য মনোনীত ব্যক্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণি শাখার শিক্ষক এ্যামেরিটাস অধ্যাপক কাজী জাকের হোসেন। আর প্রতিষ্ঠান দুটি হচ্ছে রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এবং খুলনার ডুমুরিয়ার উত্তর মিকশিমিল। প্রতিমন্ত্রী জানান, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে প্রধানমন্ত্রী শুধু প্রথম পুরস্কার পাওয়া ১৬ জনের হাতে পুরস্কার তুলে দেবেন। এছাড়াও তিনি সামাজিক বনায়নে উপকারভোগী সাতজনকে তাদের অর্থের চেক এবং বন রক্ষা করতে গিয়ে নিহত এক ব্যক্তির পরিবারকে এক লাখ টাকার অনুদানের চেক দেবেন। প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসা ক্যাটাগরিতে ঝিনাইদহের মথুরাপুর আদর্শ এতিমখানা ও এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক জাহিদ ইসলাম, উচ্চ বিদ্যালয় ও সিনিয়র মাদ্রাসা ক্যাটাগরিতে চট্টগ্রাম বোয়ালখালীর কধুরখীল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজ ক্যাটাগরিতে বাগেরহাটের কচুয়ার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে কুষ্টিয়ার মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ, মন্দির ও গীর্জা ক্যাটাগরিতে পটুয়াখালীর পশ্চিম ঢেউখালী জয়নাল চৌকিদার বাড়ীর জামে মসজিদের সাধারণ সম্পাদক হানিফ সিকদার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পৌরসভা ও সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সিরাজুল মুনীর এবং অধিদপ্তর ও পরিদপ্তর ক্যাটাগরিতে চট্ট্গ্রাম ফটিকছড়ির নারায়ণহাটের নেপচুন চা বাগানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কাজী এরফান উল্লাহ এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। বেসরকারি সংস্থা (এনজিও), ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে পটুয়াখালীর কাকড়াবুনিয়া শাপলা মহিলা সংস্থার সম্পাদিকা রাবেয়া বেগম, ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে কুষ্টিয়ার মিরপুরের বরিয়া গ্রামের নিলুফা জাহান, ব্যক্তি-মালিকানার নার্সারী ক্যাটাগরিতে খুলনার ফুলতলার বাড়িপাড়ার আদর্শ নার্সারী এবং বাড়ীর ছাদে বাগান সৃষ্টি ক্যাটাগরিতে ফরিদপুর পুলিশ লাইনের সামনে মিশন হাউসের ষ্টেলা প্রিয়াংকা এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বন বিভাগের সৃষ্ট বাগান রক্ষা ক্যাটাগরিতে খুলনার ডুমুরিয়ার সামাজিক বনায়ন কেন্দ্র, বনায়নে জন প্রতিনিধিদের বিশেষ অবদান ক্যাটাগরিতে রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, শ্রেষ্ঠ নারিকেল বাগান সৃষ্টিকারী ক্যাটাগরিতে যশোরের বলরামপুরের মোশারেফ হোসেনের স্ত্রী খাদিজা বেগম এবং কবরস্থান, শ্মশান ও সিমেট্রিতে বাগান সৃষ্টি ক্যাটাগরিতে চুয়াডাঙ্গার জিঙ্গেদহ জান্নাতুল মওলা কবরস্থান ও ইসলামী পার্ক-এর সভাপতি মকবুল হোসেন মনোনীত হয়েছেন। সামাজিক বনায়নের উপকারভোগী হিসেবে সর্বোচ্চ অর্থ পাওয়া ব্যক্তিরা হলেন গাজীপুরের কালিয়াকৈরের বরাবো গ্রামের আবু সাইদ, (চার লাখ ৫৪ হাজার ৫৪৫) ও একই গ্রামের মৃত নোয়াব আলীর স্ত্রী সালেহা বেগম (দুই লাখ ১৪ হাজার ২০০), কুমিল্লা দক্ষিণের সাওড়াতলী গ্রামের আতাউর রহমান (ছয় লাখ ২৮ হাজার ৬৮), একই উপজেলার সালমানপুরের মরিয়ম সুলতানা (এক লাখ ৫০ হাজার ৩৩০), নওগাঁর ধামইরহাটের চান্দিনা গ্রামের আবদুর রহমান, (চার লাখ ৭৯ হাজার ৩৪১), মৌলভীবাজারের কুলাউড়া কাছিমনগরের মুহিবুর রহমান (এক লাখ ২৪ হাজার ৬৭৫)। এছাড়াও বনজ সম্পদ সংরক্ষণে সম্পৃক্ত হয়ে বন দস্যুদের হাতে নির্মমভাবে নিহত হওয়া কক্সবাজারের টেকনাফে নিহত রফিকুল আলমের পরিবারকে এক লাখ টাকার অনুদান দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৩১ ঘ.