গাইবান্ধা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের গোলাপবাগ হাটে শনিবার ভোররাতে আগুনে নয়টি দোকান পুড়েছে।
রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে বলে দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে তিনটি মনোহারী দোকান, চারটি লেপ-তোষকের দোকান এবং দুটি খড়ির দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
গাইবান্ধা ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, ভোর ৪টার দিকে আগুনের খবর পেয়ে পৌনে ৫টায় তারা ঘটনাস্থলে পৌঁছান। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খড়ির একটি দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আগুনের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
দোকান মালিকদের উদ্ধৃতি দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদ সাংবাদিকদের বলেন, আগুনে ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24