ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ '৭২ সালের সংবিধানে কখনো ফিরে যেতে পারবে না বলে মনে করেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, '৭২ সালের সংবিধানে ফিরে যেতে সরকার শিগগিরই সংসদে বিল আনবে।
তিনি আরো বলেন, "হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নয়, '৭২ সালের সংবিধানে ফিীরে যেতে হলে সংসদের মাধ্যমে ফিরে যেতে হবে।"
আশরাফের ওই বক্তব্যের কয়েক ঘন্টা পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, '' জিয়া এদেশের মানুষের চিন্তা-চেতনা অনুযায়ী সংবিধানের মূলনীতি পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ইত্যাদির স্থলে বিসমিল্লাহ হির রাহমানুর রাহীম, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা ও মুক্তবাজার অর্থনীতি সন্নিবেশিত করেছেন। এসব মূলনীতি সংবিধান থেকে আওয়ামী লীগ কোনো দিন উঠিয়ে নিতে পারবে না বলে তাদের দুর্বলতা রয়েছে। তাই তারা '৭২ সালের সংবিধানে কখনো ফিরে যেতে পারবে না।''
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রয়াত জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে মোশাররফ বলেন, "আওয়ামী লীগ ভয় পায় বলেই জিয়ার নাম মুছে ফেলছে। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এভাবে মিথ্যাচার করে দেশের মানুষের মন থেকে জিয়াকে মুছে ফেলা যাবে না।''
জনগণের সমস্যা সমাধানের দাবিতে খালেদার ডাকা হরতাল কর্মসূচি সফল করার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন নির্দিষ্ট ইস্যুতে এই হরতালের ডাক দিয়েছেন। এতেই সরকারের মাথা গরম হয়ে গেছে। তাই তারা এখন আবোল-তাবোল বকছে।
বিএনপির এই 'শান্তিপূর্ণ' হরতাল কর্মসূচিতে বাধা দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মোশাররফ হুঁশিয়ার করে দেন।
যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে এই হরতাল কর্মসূচির কোনো সর্ম্পক নেই জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, এই হরতালের সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের কোনো সম্পর্ক নেই। সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির বিরুদ্ধে নানা মিথ্যাচার করছে।
মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংসদ রেহানা আখতার রানু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর সভাপতি সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৫
bdnews24