খুলনা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খালিশপুরে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হত্যায় জড়িত সন্দেহে শুক্রবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্দিকুর রহমান নামের ওই ব্যক্তিকে খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত বুধবার রাতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আলতাফ হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী জাহানারা বেগম খালিশপুর থানায় একটি মামলা করেন।
মামলায় আসামি করা হয় খালিশপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী ফজলুর রহমান মহব্বত, তার ভাই কাজী আতাউর রহমান, শফিকুর রহমান বাবু, মোহাম্মদ আলী, খোকন, মেহেদীসহ অজ্ঞাত আরো ৬/৭ জনকে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের অনুমতির জন্য মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সিদ্দিকুর রহমান এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নন। সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বুধবার রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা আলতাফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24