হবিগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে। এতে জেলায় এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও জাতীয় গ্রিডে সরবরাহে কোনো সমস্যা হয়নি।
সন্ধ্যা পৌনে ৭টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সরকারি এই কেন্দ্রটির ব্রেকার রুমে আগুন লাগে।
নিজস্ব অগ্নিনির্বাপন কর্মীরা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক বিমল কান্তি পাতিল।
তিনি জানান, হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
কেন্দ্রের প্রকৌশলীরা আগুনে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামতের কাজ করছেন বলে ব্যবস্থাপক জানান।
সরকারি এই বিদ্যুৎ কেন্দ্রটির ১১ টি ইউনিটের মধ্যে বর্তমানে ৮ ও ৯ নম্বর ইউনিট চালু আছে। এ দুটি ইউনিটে উৎপাদন হচ্ছে যথাক্রমে ৩৪ ও ৩৩ মেগাওয়াট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24