শরীয়তপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাশাভোগ গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে ২৫ জনকে আটক করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের কারণে এ হামলা হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পালং (সদর) থানার ওসি রবিউল আলম।
তিনি জানান, দুপুরে ২০/২৫টি মোটর সাইকেল নিয়ে এক দল দুর্বৃত্ত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফজু বেপারী ও তার লোকজনদের উপর অতর্কিত হামলা চালায়।
আহতদের মধ্যে ইউসুফ বেপারী (৬০), কাদের বেপারী (৪৫), রিয়াজুল (২৫), সিরাজুল (৩২), দেলোয়ার (৩৫), সোহাগ (২৪) ও সোবহান বেপারীকে (৪০) শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় আটক করা হয় মজিবর সরদার (৫৫), মাহাবুব (২৬), লিটন (৩০), ফয়সাল (১৯), উজ্জল (২২), মশিউর (২০), ইলিয়াসসহ (৩৫) ২৫ জনকে।
এদের মধ্যে ২১ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24