সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুশনারা আলী। তিনিই প্রথম বাঙালি যিনি হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হলেন। (সংশোধনীসহ)
মঙ্গলবার হাউস অব কমন্সে কুরআন ছুঁয়ে শপথ নেন ৩৫ বছর বয়সি রুশনারা। তিনি লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত হন।
শপথ নেওয়ার পর রুশনারা বলেন, "ব্রিটিশ পার্লামেন্টে বাঙালি কমিউনিটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমাদের নতুন প্রজন্মকে আরো বেশি করে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। সেদিন বেশি দূরে নয় এ পার্লামেন্টে আমরা আরো বাঙালিকে দেখতে পাবো।"
পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন অ্যান্ড বো আসন থেকে নির্বাচন করে ২১ হাজার ৭৮৪ ভোট পান রুশনারা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তার ভোট সংখ্যা ১১ হাজার ৫৭৪ বেশি।
রুশনারার জন্ম ১৯৭৫ সালে সিলেটে। মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে চলে যান লন্ডনে। বাংলাদেশে তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের বুরকি গ্রামে। রুশনারা রাজনীতি, অর্থনীতি ও দর্শন পড়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।
১৭ বছর বয়স থেকে রুশনারা লেবার পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়। এই দীর্ঘ পথ চলায় তিনি দীক্ষা নেন ১৯৫৪ সালে লেবার পার্টির মেনিফেস্টোর অন্যতম লেখক মাইকেল ইয়াংয়ের কাছে।
বিভিন্ন সময় লেবার পার্টির এমপি-মন্ত্রীদের হয়ে কাজ করেছেন। হাত পাকিয়েছেন তাদের রাজনৈতিক বক্তৃতার স্ক্রিপ্ট লিখে। রুশনারা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ক্যাম্পেইন করেছেন দলের হয়ে।
১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রাক্তন এমপি উনা কিং এর হয়ে পার্লামেন্টারি এসিস্ট্যান্ট হিসেবে হাউজ অব কমন্সে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এখানেই তিনি তিন বছর ধরে বৈষম্য বিরোধী ইস্যুতে গবেষক হিসেবে কাজ করেছেন। লেবার নেতারা তাকে দেখেন দলের 'অ্যাসেট' হিসেবে।
তাই নির্বাচনের আগে দলের প্রার্থী রুশনারা আলীর পক্ষে প্রচারণা চালাতে খোদ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও আসেন টাওয়ার হ্যামলেটসে।
রুশনারা লেবার দলীয় সরকারেও অবদান রেখেছেন। ফরেন অফিসে মানবাধিকার বিষয়ে, হোম অফিসে জাতীয় ও আঞ্চলিক সংস্থাগুলোকে সংগঠিত করতে বার্নলি, ব্রাডফোর্ড ও ওল্ডহ্যামের ২০০১ সালের দাঙ্গার পর নীতি নির্ধারণে সরকারের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ৭ জুলাই লন্ডনে বোমা হামলার পর উগ্রবাদ প্রতিরোধে হোম অফিসের ওয়ার্কিং গ্র"পের সদস্য হয়ে কাজ করেছেন। কাজ করেছেন ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের একজন রিসার্চ ফেলো হিসেবে।
সামাজিক কর্মকাণ্ডে রুশনারা আলীর অংশগ্রহণ সাবলীল। ইন্টারপ্রিটিং কোম্পানি ল্যাংগুয়েজ লাইন প্রতিষ্ঠায় রুশনারার ভূমিকা ছিল অপরিসীম। টাওয়ার হ্যামলেটসের সামার ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়ং ফাউন্ডেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/পিডি/২০৫৯ ঘ.
bdnews24