চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হতে ইচ্ছুক কয়েকজনের মনোয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষ হয়েছে।
বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত শুনানি হয়।
আগামীকাল বৃহস্পতিবার রায় দেওয়া হবে বলে একজন নির্বাচন কর্মকর্তা জানান।
মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে তিনজনেরসহ মোট ৪৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গত ২২ ও ২৩ মে বাছাইয়ের সময় এদের মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদের আটজন ছাড়া বাকিরা আপিল করেন।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
১ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন এবং ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
শুনানিতে অংশ নেওয়া আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল করাদের মধ্যে সবাই আইনজীবী অথবা নিজেরা শুনানিতে অংশ নেন।
শুনানিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা, বিভিন্ন থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা তথ্য-উপাত্ত দিয়ে আপিল বিভাগকে সহায়তা করেন বলে তিনি জানান।
আপিলের রায়ের পর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থীতা চূড়ান্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/এমএসবি/২৩৫৫ ঘ.
bdnews24