ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য শরীফ আবদুর রাকিবকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার তাকে বহিষ্কার করা হয় বলে ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান।
রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "যশোরের রাকিবকে বহিস্কার করা হয়েছে। আপনারা প্রেস বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। ওয়ার্কিং কমিটির মিটিংয়েই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।"
শনিবার দলের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছিল।
দলের কয়েকজন নেতা জানান, যশোরে দলের অভ্যন্তরীণ কোন্দল, ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা খুন হওয়ার ঘটনায় রাকিবের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১৪ মার্চ দলীয় কোন্দলের জেরে খুন হন সদর উপজেলায় ছাত্রলীগের আহ্বায়ক রিপন। এরপর খুন হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থক হিসেবে পরিচিত যুবলীগ নেতা বাঁশি রিপন।
বহিষ্কারের ব্যাপারে রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
তিনি বলেন, "আমি ১৮ বছর সাধারণ সম্পাদক ছিলাম। দুর্দিনে আমিই দলকে সময় দিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমএসবি/এইচএ/২৩২৯ঘ.
bdnews24