২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবিপ্রধান গ্রেপ্তার নিয়ে পুলিশের দুরকম ভাষ্য

নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান সাইদুর রহমানকে গ্রেপ্তারের সময় নিয়ে দুরকম বক্তব্য দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 11:09 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান সাইদুর রহমানকে গ্রেপ্তারের সময় নিয়ে দুরকম বক্তব্য দিয়েছে পুলিশ। সাইদুরকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। তবে এর পরপরই পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনস্থলে সাংবাদিকদের দেওয়া স্বাক্ষরবিহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইদুরকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাইদুরকে গ্রেপ্তারের খবর জানালেও তাকে কোন বাসা থেকে গ্রেপ্তার করা হয় তা জানাননি নূর মোহাম্মদ। তিনি বলেন, "সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়ে দেওয়া হবে।" সংবাদ সম্মেলনের পরপরই পুলিশের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব দনিয়ার আব্দুল্লাহর বাসা থেকে মঙ্গলবার সকালে স্থানীয় পুলিশের সহায়তায় সাইদুরকে গ্রেপ্তার করা হয়। তবে ওই বাসার কোনো ঠিকানা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। তবে কদমতলী থানার ওসি কাজী আইয়ুবুর রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব দনিয়া তার থানার আওতাভুক্ত। ওই এলাকায় মঙ্গলবার জেএমবি'র কেউ গ্রেপ্তার হয়েছে বলে তিনি জানেন না। অন্য কোনো সংস্থা ওই এলাকায় অভিযান চালালেও সারাদিনের মধ্যে তিনি জানতেন বলে জানান ওসি। এদিকে র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদুর রহমান সোমবার গ্রেপ্তার হয়েছে বলে শুনেছেন তিনি। বিশেষ গোয়েন্দা দল: সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান জানান, পুলিশ সদর দপ্তরের বিশেষ টীম, পুলিশের বিশেষ শাখা, সিআইডি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, এবং ঢাকা মহানগর পুলিশের সমন্বয়ে বিশেষ গোয়েন্দা দল কয়েকমাস নিরলস পরিশ্রম করে জেএমবি'র কয়েকজন সদস্য ও সাইদুরকে গ্রেপ্তার করে। এদিকে সারাদেশে জঙ্গী তৎপরতায় সার্বক্ষণিক নজরদারি করতে র‌্যাবের একটি বিশেষ সেল রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক। র‌্যাব ইতিমধ্যে জেএমবির প্রধান শায়খ আব্দুর রহমান, বাংলা ভাইসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে। জঙ্গি সংগঠন জেএমবি'র বর্তমান প্রধান সাইদুর রহমানকে গ্রেপ্তারে গঠিত বিশেষ গোয়েন্দা দলে র‌্যাবের কোনো সদস্য নেই কেন? এ বিষয়ে র‌্যাব মহাপরিচালক জানান, বিশেষ গোয়েন্দা দল গঠনের বিষয়ে তিনি কিছু জানেন না। এই বিষয়টি পুলিশ প্রধান ভালো বলতে পারবেন। বিজ্ঞপ্তির ভাষ্য: সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে রাতে বিশেষ গোয়েন্দা দল স্থানীয় পুলিশের সহায়তায় দনিয়ার আবু বক্কর সিদ্দিক ওরফে নজরুল ওরফে শিবলুর বাসায় অভিযান চালায়। সেখানে তারা পুলিশের উপর হামলা চালালে সাতজন পুলিশ আহত হয়। ওই সময় পুলিশ নজরুলকে গ্রেপ্তার এবং নয়টি গ্রেনেড উদ্ধার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে আমির হোসেন ওরফে শরীফ নূর হোসেন ওরফে সবুজ এবং আমির হোসেনকে গ্রেপ্তার করে। আমীর হোসেনের বাসা থেকে বিস্ফোরক, পিস্তল, জেহাদী বই বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। একই দিন সকালে আব্দুল্লাহর বাসা থেকে সাইদুর রহমান, তার স্ত্রী নাইমা রহমান এবং আব্দুল্লাহ হেল কাফিকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২২০ ঘ.