নরসিংদী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুচ্ছ ঘটনায় নরসিংদীতে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন খুন হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫০ জন।
জেলার রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা দরিগাঁও গ্রামে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- রহিছ মিয়া (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উঠানে শুকাতে দেওয়া ধানের ওপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে গ্রামের খলিল মিয়ার মেয়ে সাবিনা ও দারু মিয়া ছেলে আব্দুল হকের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।
এলাকার গণ্যমান্যরা বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার সকাল ১০ টা দিকে সালিশ বৈঠকে বসে। বৈঠক চলাকালে কথাকাটাকাটির এক পর্যায়ে দু'দলের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় রহিছ মিয়া (৫০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের টেটার আঘাতে মারা যান।
আহতদের মধ্যে টেটাবিদ্ধ ১১ জনকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- রফিছ মিয়া (৩০), ইমাম আলী (২০), খলিল (৪০), উজ্জল (২৮), জসিম (৫০), নাছির (৩৫), সাইদুর (১৪), জাহাঙ্গীর (৪০), রফিক (৪০), কাজী মিয়া (৩২) ও নোয়াব আলী (৪৫)।
রায়পুরা থানার ওসি এমদাদুল হক জানায়, ঘটনাস্থল থেকে রহিছ মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.
bdnews24