২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি রিকুইজিশন: পুলিশ বিভাগকে সত্যতা জানানোর নির্দেশ

হাইকোর্টে নির্দেশ সত্ত্বেও পুলিশের গাড়ি রিকুইজিশনের খবর সত্যি কি না তা জানাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে একটি বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে নির্দেশ সত্ত্বেও পুলিশের গাড়ি রিকুইজিশনের খবর সত্যি কি না তা জানাতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে একটি বেঞ্চ। বাংলা দৈনিক আমাদের সময়ে মঙ্গলবার প্রকাশিত 'আদালতের নির্দেশের পরদিনই ৩০০ গাড়ি রিকুইজিশন' শিরোনামের প্রতিবেদনের প্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে পুলিশের কাছে বিষয়টির সত্যতা জানতে চেয়েছে হাইকোর্ট। ওই প্রতিবেদনটি সত্য কি না তা এক সপ্তাহের মধ্যে জানাতে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা ট্রাফিক জোনের উপ-কমিশনারকে নির্দেশ দিয়েছে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে বিষয়টি সত্য হলে গাড়ির মালিক বা চালকদের বাজারদর অনুযায়ী ভাড়া দেওয়া হচ্ছে কি না এবং গাড়ি কোন কাজে ব্যবহার করা হচ্ছে তা-ও জানাতে নির্দেশ দিয়েছে আদালত। রোববার জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেয় একই বেঞ্চ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। পাশাপাশি গাড়ি রিকুইজিশন সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩ (ক) ধারাটি কেন বেআইনি ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তার কারণও জানতে চাওয়া হয়। এছাড়া গাড়ি রিকুইজিশনের সময় মালিক বা চালককে হয়রানি না করতে এবং গাড়ির কোনো ক্ষতি হলে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। আগামী ৭ জুন এইচআরপিবির রিটটির পরবর্তী শুনানি হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/১৮১৫ ঘ.