ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কমিটি গঠনের প্রায় এক বছর পর বৈঠকে বসছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নীতি-নির্ধারকের দায়িত্ব পালনকারী অনেককে দেখা যাবে উপদেষ্টা পরিষদেও বৈঠকে। ২০০৯ সালের জুন মাসে দলের কাউন্সিলে তারা বাদ পড়েন কার্যনির্বাহী কমিটি থেকে। আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিলের মতো নেতারা রয়েছেন এ দলে।
দলের নীতি নির্ধারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পরিষদের নেই। পরিষদের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে বিভিন্ন বিষয়ে দলের করণীয় সম্পর্কে পরামর্শ বা দিকনির্দেশনা দিয়ে থাকেন। এ জন্য রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক- এ তিনটি সেল রয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সর্বোচ্চ ৪১ সদস্যবিশিষ্ট। তবে বর্তমানে রয়েছেন ২০ জন।
বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা এসএ মালেক, বর্তমান উপদেষ্টা এইচটি ইমাম, আলাউদ্দিন আহমেদ ও মসিউর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এক সময়ের প্রভাবশালী নেতাদের মধ্যে রয়েছেন- সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন- সাবেক সংসদ সদস্য কেএম সফিউল্লাহ, সাবেক মন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী, রহমত আলী, অধ্যাপক এমএ মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য একে আজাদ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল খালেক, কাজী আকরামুদ্দিন, এসএম নুরুন্নবী, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২০৫ ঘ.
bdnews24