সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে।
সরকারি অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মরণ করছে বিদ্রোহী কবিকে।
মঙ্গলবার ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিতে নামে মানুষের ঢল।
কবির নাতনী খিলখিল কাজীসহ কবি পরিবারের সদস্যরা ভোর ৬টার দিকে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে ফুল দেন উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধিতে স্মরণসভাও হয়। বক্তব্য দেন নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুণ-অর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান।
এরপর নজরুল সঙ্গীত গেয়ে শোনান বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আরেফিন সিদ্দিক বলেন, "শত বছর পরও কবির গান, কবিতা ও লেখা আমাদের কাছে সময়োপযোগী মনে হয়, প্রেরণা যোগায়। মানুষের অধিকারের জন্য নজরুল সারাজীবন লড়াই করে গেছেন।"
পিতামহকে স্মরণ করতে গিয়ে খিলখিল কাজী বলেন, "আজকের এই দিনে দাদুর অনুপস্থিতি আমি ভীষণভাবে অনুভব করছি। দাদু বেঁচে থাকতে আমরা তার জন্মদিন পালন করেছি অনেক আনন্দে। সেসব কথা এখন মনে পড়ছে বেশি বেশি করে।"
"তিনি সারা জীবনই সংগ্রাম করে গেছেন সাম্যের জন্য", বলেন তিনি।
কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী আরো বড় পরিসরে পালনের আহ্বান জানান খিলখিল।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নজরুলের গান, কবিতা, সাহিত্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
সকালের দিকে আরো যেসব সংগঠন ও প্রতিষ্ঠান কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তার মধ্যে রয়েছে নজরুল একাডেমি, বাংলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, নজরুল মেলা, জাতীয় কবিতা পরিষদ, নজরুল পরিষদ, উদীচী, বুলবুল ললিতকলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জিসাস, জাসাস, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং আওয়ামী লীগ, বিএনপি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল।
আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়েদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও মাহবুব-উল আলম হানিফ এবং বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমান, রিজভী আহমেদ কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কবির সমাধিতে ফুল দিতে যান ভাষাসৈনিক অশীতিপর আবদুল মতিনও।
জাতীয় কবির যথাথ মূল্যায়ন হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা নজরুল স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। চরম দারিদ্র্যসহ বহু বাধা অতিক্রম করে একসময় তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা হয়ে ওঠেন। সাম্য ও মানবতার চেতনায় সমৃদ্ধ ছিল তার লেখনী। কবিতায় বিদ্রোহী সুরের জন্য তার পরিচিতি বিদ্রোহী কবি।
স্বাধীনতার পর অসুস্থ অবস্থায় কবিকে ভারত থেকে সরকারি উদ্যোগে বাংলাদেশে আনা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট কবি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১১১৬ ঘ.
bdnews24