ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী মঙ্গলবার। এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সকাল সাড়ে ১১টায় নজরুল মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করবেন ।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শৃঙ্খলে বন্দি ভারতবর্ষে দ্রোহের রণতূর্য বাজিয়ে তার আগমন, মানবতার মহান মন্ত্রে তার দীক্ষা, আর শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় নিরন্তর পথচলা-- এই হলেন কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর উপাধি পেয়েছেন জাতীয় কবির, কিন্তু তারও বহু আগে নিপীড়িত মানুষের জয়গান আর শোষকের কারাপ্রকোষ্ঠ ভাঙার দুঃসাহস দেখিয়ে পরিচিত হয়েছেন বিদ্রোহী কবি হিসাবে। বিশ্বাসের সহজ সত্য উচ্চারণে তিনি ছিলেন নির্ভীক, সাহিত্যকে তিনি পরিণত করেছিলেন শোষণ মুক্তির হাতিয়ারে।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার সদম্ভ বিদ্রোহের আহ্বান অনুরণন তুলেছিল তখনকার বাঙালি তথা ভারতীয় সমাজে। অত্যাচারী শাসকগোষ্ঠীর মসনদও কেঁপে উঠলো নতুন এই জাগরণে। চির তরুণ এই দ্রোহ আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের ১১১ তম জন্মবার্ষিকী উদযাপন করবে জাতি। ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম।
জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানী ঢাকায় কবির কবর প্রাঙ্গনে সকালে পুস্পমাল্য অর্পণ, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইন্সটিটিউটসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা।
কবির জন্মবার্ষিকীতে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল কবির জীবন ও কর্মের ওপর বিশেষ অনুষ্ঠান স
bdnews24