ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতির ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক এ কে এম রফিক উদ্দিনের ওপর হামলার ঘটনায় আলী হায়দার কামাল (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৯ মে অধ্যাপক রফিক উদ্দিনের ধানমন্ডির প্রাইভেট চেম্বার ভাংচুর এবং তাকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলাও করা হয়।
ডিবি'র এডিসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আলী হায়দারকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র কামালকে সোমবার মুখ্য মহানগর হামিক আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানালেও আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানান মাহবুব।
অধ্যাপক রফিক উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিশেষজ্ঞ চিকিৎসকরা সোমবার বিকেল থেকে তাদের প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনসহ চিকিৎসকদের বেশ কয়েকটি সংগঠন এ কর্মসূচি পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৫৭ ঘ.
bdnews24