২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পুলিশের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা তদন্তের নির্দেশ

চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 10:57 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ডিবির সহকারী কমিশনার ও পরিদর্শকসহ চারজন অজ্ঞাতনামার বিরুদ্ধে করা মামলায় সোমবার এ আদেশ দিয়েছেন মহানগর হাকিম শাহাদাৎ হোসেন । গোয়েন্দা কর্মকর্তা মতিউর রহমান ও পরিদর্শক মো. কিবরিয়াসহ আরো চারজন অজ্ঞাতনামার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জহিরুল হক বাবুল মামলা করেন রোববার। ব্যবসায়ী জহিরুল সবুজবাগের দক্ষিণমাণ্ডা এলাকায় বাস করেন। মামলায় বলা হয়, অভিযুক্তরা গত ১৮ মে জহিরুলকে তার বাড়ির নিচতলার ডেইরি ফার্ম থেকে মতিঝিলের এজিবি কলোনীতে তুলে নিয়ে যায়। পরে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। টাকা দিতে না পারলে তাকে ক্রসফায়ারের ভয় দেখানো হয়। মামলায় আরো বলা হয়, পরে অভিযুক্তরা তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করে। ঘটনাটি সবুজবাগ থানা এজাহার হিসাবে গ্রহণ নেয়নি বলেও জানান জহিরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৫২ ঘ.