ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ননইমিগ্র্যান্ট ভিসা আবেদনের ফি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ জুন থেকে এ বর্ধিত ফি কার্যকর হবে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমান যে ধরনের ভিসা সেবা দেওয়া হয়, তার খরচের তুলনায় বর্তমান ফি অনেক কম। সেবার খরচ বেড়ে যাওয়ার ফলেই ভিসা ফি বাড়ানো হচ্ছে বলে জানান দূতাবাসের কনসাল জেনারেল স্যান্ড্রা ইনগ্রাম।
৪ জুন থেকে সব ধরনের ননইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীকে আগের ফি ১৩১ মার্কিন ডলারের পরিবর্তে ১৪০ ডলার পরিশোধ করতে হবে। এর মধ্যে রয়েছে বি১/বি২ ভ্রমণ ভিসা, বিজনেস ভ্রমণ ভিসা এবং সব ধরনের শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসা।
এছাড়া ছয় ধরনের ভিসা আবেদনকারীদের ফি পরিশোধ করতে হবে ১৫০ ডলার। এর মধ্যে রয়েছে- অস্থায়ী শ্রমিক ও প্রশিক্ষণার্থীদের জন্য 'এইচ' ভিসা, কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বদলিকৃতদের জন্য 'এল' ভিসা, বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশীদের জন্য 'ও' ভিসা, ক্রীড়াবিদ ও শিল্পীদের জন্য 'পি' ভিসা, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ের আওতায় ভ্রমণকারীদের জন্য 'কিউ' ভিসা, ধর্ম বিষয়ক পেশাজীবীদের জন্য 'আর' ভিসা।
এছাড়া 'কে' ভিসার আবেদনকারীদের ফি ৩৫০ ডলার।
যেসব ননইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর সাক্ষাতকার ৪ জুন বা তার পরে হবে তাদের ক্ষেত্রে নতুন ফি কার্যকর হবে।
ননইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান শাখায় (১৮৯ গুলশান এভিনিউ-উত্তর, গুলশান-২) এবং সাইমন গ্র"পের কার্যালয়ে (বাড়ি-৪ এ, সড়ক-২২, গুলশান-১) ফি জমা দিতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এইচএ/১৯২২ ঘ.
bdnews24