২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী দেখছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা

রাজধানীতে বিশেষজ্ঞ চিকিৎসকরা সোমবার বিকেল থেকে তাদের প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 01:26 PM

Updated : 26 Apr 2022, 01:05 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বিশেষজ্ঞ চিকিৎসকরা সোমবার বিকেল থেকে তাদের প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক এ কে এম রফিক উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার কর্মসূচি পালন করছেন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। গত ৯ মে অধ্যাপক এ কে এম রফিক উদ্দিনের ধানমন্ডির প্রাইভেট চেম্বার ভাংচুর এবং তাকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলাও করা হয়। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ঢাকা মহানগর সহ-সভাপতি মো. আব্দুর রউফ সরদার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল থেকে বিএমএও এ কর্মসূচি পালন করছে।" এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার রাতে বিএমএ কার্যালয়ে তারা বৈঠকে বসবেন বলে জানান আব্দুর রউফ। এর আগে দুপুরে জলিল জানান, অধ্যাপক এ কে এম রফিক উদ্দিনের ওপর হামলা ও অপহরণের হুমকির প্রতিবাদে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিকেলে চেম্বার বন্ধ রাখার কর্মসূচি নেওয়া হয়েছে। বিএমএসহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করবে বলে তখন জানান জলিল। জলিল বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর ফলে চিকিৎসকরা নিরাপত্তা হুমকিতে রয়েছে।" এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন চিকিৎসকদের কাছে সময় চেয়েছেন জানিয়ে জলিল বলেন, "সোমবার রাতে পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০০৮ ঘ.