২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে ফেরেননি রামেক'র শিক্ষানবিশ চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা সোমবার সন্ধ্যা পর্যন্ত কাজে ফেরেননি (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 10:58 AM

রাজশাহী, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা সোমবার সন্ধ্যা পর্যন্ত কাজে ফেরেননি। রোগীর অভিভাবকের হাতে একজন শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় রোববার রাত ১২টা থেকে তারা চার দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। চিকিৎসকদের দাবির মুখে পুলিশ রুবেল নামের ওই অভিভাবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে জানিয়েছে প্রশাসন বলেছে, কিছু রোগী হাসপাতাল ছেড়ে গেলেও কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. মো. দায়েম উদ্দিন সাংবাদিকদের জানান, তাদের (শিক্ষানবিশ চিকিৎসক) কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। তবে তারা সন্ধ্যা পর্যন্ত কাজে যোগ দেননি। তিনি জানান, হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে বিকালে নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. এ আর এম সাইফুদ্দিন একরামকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাদশা, অর্থোসার্জারি বিভাগের রেজিষ্ট্রার ডা. আশিক ইকবাল ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. বদরে আলম। কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে বলে ডা. দায়েম জানান। সোমবার দুপুরে হাসপাতালের ডক্টর'স ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষানবিশ চিকিৎসকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন, লাঞ্ছনার তদন্ত ও সুষ্ঠু বিচার এবং হাসপাতালের পরিচালকের অপসাররণ দাবি করেন তারা। চিকিৎসকরা অভিযোগ করেন, রোববার রাতে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি শাহ্ আলম সিদ্দিকী ওরফে লালনকে এক রোগীর অভিভাবক মারধর করেন। তিনি ওই সময় ৮ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। তারা জানান, এ ঘটনায় রাতেই বৈঠক করে তারা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল লতিফের অপসারণসহ চারদফা দাবিতে কর্মবিরতির সিদ্ধান্ত নেন। শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি শাহ্ আলম বলেন, চিকিৎসা সেবার মান নিয়ে রোগীর অভিভাবকরা তাদের সঙ্গে প্রায়শই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বিষয়টি পরিচালককে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন তিনি। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. দায়েম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসপাতালে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিচালকের পদত্যাগের ব্যাপারটি আমাদের বিষয় নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১০৯ ঘ.