নারায়ণগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার বন্দর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন মারা গেছেন।
সোমবার সকালে উপজেলার মদনপুরের সুরুজ শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা যাত্রী নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানা ফকির নিটওয়্যার'র সহকারী ব্যবস্থাপক হারুন-অর-রশিদ (৫০) ও চালক আব্দুল কাদের (৫০)।
বন্দর থানার ওসি হারুন-অর-রশিদ জানান, সকালে ফতুল্লার কায়পুরে অবস্থিত ফকির নিটওয়্যারের সহকারী ব্যবস্থাপক হারুন আড়াইহাজার থেকে অটোরিকশা করে নারায়ণগঞ্জে আসছিলেন।
পথে মদনপুর-আড়াইহাজার এশিয়ান হাইওয়ে সড়কের সুরুজ শাহ্ মাজার এলাকায় আড়াইহাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলে মারা যান অটোরিকশা চালক কাদের। গুরুতর আহত হন হারুন। ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত হারুন আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া এলাকার ইন্নত আলীর ছেলে।
চালক কাদের সোনারগাঁও উপজেলার বাদুরিকান্দা এলাকার বাসিন্দা।
ওসি বলেন, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24