সিলেট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সিলেটে সব ধরনের বাস চলাচল সোমবার বন্ধ ছিলো।
গত ২৬ এপ্রিল সিলেট থেকে মাইক্রোবাস ভাড়া করে ঢাকার গাজীপুরে নিয়ে দুই চালককে হত্যার প্রতিবাদে এক দিনের এ ধর্মঘট আহ্বান করে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো বাসই চলাচল করতে দেখা যায়নি।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক সাংবাদিকদের বলেন, দুই চালক হত্যাকারীদের গ্রেপ্তার ও মাইক্রোবাস উদ্ধারের দাবিতে প্রশাসনের কাছে দেন দরবার করেও কোনো ফল না হওয়ায় এ ধর্মঘট ডাকা হয়।
ধর্মঘটে বাস না চললেও লেগুনা, ট্রাক ও সিএনজি অটো রিকশা চলাচল স্বাভাবিক ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.
bdnews24