২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় ভাঙনের হুমকিতে বিদ্যালয়, ক্লাস বন্ধ

পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে জাজিরা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়। ফলে অনিশ্চয়তায় রয়েছে প্রায় তিনশ' শিক্ষার্থীর পড়াশোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 09:12 AM

Updated : 25 Aug 2022, 10:59 AM

শরীয়তপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে বন্ধ হয়ে গেছে জাজিরা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়। ফলে অনিশ্চয়তায় রয়েছে প্রায় তিনশ' শিক্ষার্থীর পড়াশোনা। উপজেলার পাইনপাড়া হাজী আছিমউদ্দিন মাদবরের কান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবনের একটি অংশের মাটি ইতিমধ্যেই নদীগর্ভে চলে গেছে। যে কোনো সময় পুরো ভবনটি নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলটি । স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল মালেক মিয়া রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েকদিনের ভাঙনে বিদ্যালয়ের একটি অংশ ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে। ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার ফলে বর্তমানে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। অন্য কোনো ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম শুরু করা অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান প্রধান শিক্ষক মালেক মিয়া। শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রওশন আলী এ বলেন, ভাঙন কবলিত ভবনটি নিলামে দেওয়া হয়েছে। বর্তমানে স্কুল বন্ধ আছে। যত শিগগিরই সম্ভব পার্শ্ববর্তী এলাকায় ঘর তুলে স্কুলের কার্যক্রম শুরু করা হবে, বলেন তিনি। স্থানীয়রা জানায়, কয়েক বছর ধরে পদ্মার অব্যাহত ভাঙনে জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট সংলগ্ন মাদবরের কান্দি গ্রামের অধিকাংশ এলাকা নদী গর্ভে চলে গেছে। গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে পানি বাড়ার ফলে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। ২০০১ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২৫ লাখ টাকা ব্যয়ে স্কুলের পাকা ভবনটি নির্মাণ করে দেয়। ভবনটি নির্মাণের সময় বিদ্যালয় থেকে নদীর দূরত্ব ছিল ৫ কিলোমিটার। গত কয়েক বছরের ভাঙনে নদী বিদ্যালয়ের কাছে চলে আসে। এ বছর ভাঙন শুরু হওয়ার পরে গত দুই দিনেই পুরো স্কুলটি প্রমত্তা পদ্মাগর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে। স্কুলটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৭৫ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক রয়েছেন চার জন। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ভিখারুদ্দৌলা বলেন, বিদ্যালয়ের সামনের খালি জায়গায় টিন দিয়ে নতুন ভবনের কাজ শুরু হবে। গত শনিবার শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ওই বিদ্যালয় ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় বিদ্যালয়টি ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়ের ফান্ডে ৭৫ হাজার টাকা আছে। এছাড়াও এমপিদের বিশেষ বরাদ্দ থেকে ৫ টন গম দিয়েছি। শিগগিরই টিন ও কাঠ দিয়ে অন্যত্র স্কুলঘর নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০৫ ঘ.